আমার আঙ্গুলের ভাঁজে খেলা করে
তোমার নৈঃশব্দিক প্রতিশব্দ
আমার আঙ্গুল ছোঁয়
তোমার ঠোঁট
চিবুক
উষ্ণ করপুট
আমার আঙ্গুল সন্তর্পণে চেষ্টা করে
তোমার হৃদয় ছুঁতে
অতলান্ত গহ্বর তোমার হৃদয়
সেখানে আমার আঙ্গুল হাতড়ে বেড়ায়
প্রয়াত পুরানো প্রশ্ন
বেসেছিলে ভালো
আমার নীল আলো ?
আমার আঙ্গুলের ভাঁজে খেলা করে
তোমার শীতল জল
আমার আঙুল সন্তর্পণে চেষ্টা করে
তোমার হৃদয় ছুঁতে
পুরানো পাথর তোমার হৃদয়
রোদ পড়ে না অনেকদিন
চামড়া ভিজে শেওলা জমে
সেখানে আমার আঙ্গুলের স্পর্শ
চিরচেনা প্রশ্ন
জাগবে কি
মানবী
অহল্যা আমার
ভালোবাসেনি সে আমায়
কোনদিন কখনো অসময়
